নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের মহান ইতিহাস এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে নতুন প্রজন্মের অন্তরে চিরজাগরিত রাখতে বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষ নোটিশ উপস্থাপন করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় উপস্থাপিত বিশেষ নোটিশে তিনি দেশের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের দাবি জানান।
বিশেষ নোটিশে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতিলিপি সংরক্ষণের জন্য একটি রাষ্ট্রীয় সেল গঠন, প্রতিটি উপজেলায় জাদুঘর স্থাপন এবং দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে যথাযথভাবে অন্তর্ভুক্তির দাবি জানান।
তিনি বলেন, জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমের ভিত্তি আরও শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঘটনাবলি ও চেতনাকেও যথাযথভাবে সংরক্ষণ ও তুলে ধরা প্রয়োজন।
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, গণতন্ত্র, অধিকার ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংসদ সদস্যের এ উদ্যোগকে ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন