বেব আক্তার কুমকুম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়িতে দায়িত্বপ্রাপ্ত এএসআই মনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক স্পট থেকে আটক আসামি ছেড়ে দেওয়া এবং পরে অর্থের বিনিময়ে পুনরায় গ্রেফতার দেখিয়ে মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট মাদক স্পটে অভিযানের নামে আটক ব্যক্তিদের ছেড়ে দিয়ে পরে আর্থিক লেনদেনের মাধ্যমে গ্রেফতার দেখানো হচ্ছে। এতে করে প্রকৃত মাদক কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে, আর সাধারণ মানুষ পড়ছে হয়রানির ফাঁদে।
এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড মাদক নির্মূল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে এবং পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলছেন, অভিযানের নামে যে ‘গ্রেফতার বাণিজ্য’ চলছে, তার অবসান না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। অভিযোগের বিষয়ে এএসআই মনোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোতোয়ালী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে আইনের শাসন ও পুলিশের প্রতি জনআস্থা বজায় থাকে।
মন্তব্য করুন